দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলে তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে খবর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই জঘন্য অপরাধে জড়িত কাউকেই রেয়াত করা হবে না এবং আইন অনুযায়ী দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে যে অশান্তি, ভাঙচুর ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, তার পিছনে পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সরকার পুরো ঘটনার উপর অত্যন্ত গুরুত্ব দিয়ে নজর রাখছে। নির্যাতনের ঘটনার পাশাপাশি অশান্তি ছড়ানোর নেপথ্যে কারা রয়েছে, তা-ও খতিয়ে দেখা হবে। আইনশৃঙ্খলা নষ্টের চেষ্টা বা ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
অন্যদিকে, নাবালিকার দেহ রবিবার রাতে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। ইতিমধ্যেই পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু, পুলিশকে মারধর, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে পৃথক মামলাও দায়ের হয়েছে।
এই ঘটনার তদন্তে ছয় সদস্যের একটি সিট গঠন করেছে পুলিশ। ওই দলে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও এবং বারুইপুর থানার আইসি-সহ একাধিক আধিকারিক। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
